ঢাকা, ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির। জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 


সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত টিকাদান কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন তিনি। সকালে উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।


তিনি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই যেন টিকাদান থেকে বাদ না পড়ে। টিকা গ্রহণের পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক- এ বিষয়ে কুসংস্কার পরিহারের জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।


ঐ দিন দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি দেশের কৃষি ও খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের উদ্যোগ অব্যাহত রয়েছে।


এর আগে তিনি চারিকাটা ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন “ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় জাফরাং খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারিস উদ্দিন আহমদ, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় জনগণ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯