সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে এবং তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “মাদককে না বলে শিক্ষার্থীদের হাতে কলম তুলে নিতে হবে।” তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খুলনা-৩ আসনের অনেক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ধাপে ধাপে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর সভাপতিত্বে আয়োজিত আরেক অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হুইপ বকুল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
