উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ময়মনসিংহে মুদ্রণ শিল্প মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ঘোষিত ফলাফলে সভাপতি পদে লিমা প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী ফারুক খান পাঠান এবং সাধারণ সম্পাদক পদে সূচক প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম লিটন নির্বাচিত হন।
আজ (শনিবার) নগরের গ্রীণপার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই প্রার্থীদের সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা।
নির্বাচনে ৭৩ জন ভোটারের মধ্যে বিভিন্ন পদে মোট ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি শ্যামল সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. মাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল, অর্থ সম্পাদক মো. কালাম সিকদার, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা রিবেন, প্রচার সম্পাদক শরিফুর রহমান এবং সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আ: মান্নান।
এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এনামুল হক বাবু, মো. এনামুল হক বাবলু, শহিদুল ইসলাম, মো. রাকিব সম্রাট, সিকান্দার আলী ও মো. রায়হান আহমেদ।
নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছে, নতুন কমিটি মুদ্রণ শিল্প মালিকদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
