রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভুগছিলেন প্রায় ৬৩ বছর বয়সী পুরুষ বন্য হাতিটি। বেশ কয়েকবার বন বিভাগ দ্বারা চিকিৎসা করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লো বন্য হাতিটি।
রবিবার (২৬ এপ্রিল) সকালে লোকালয়ে হাতিটিকে মাটিতে শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তী বেলা বাড়ার সাথে সাথে হাতিটি সকাল ১১টার দিকে মৃত্যু বরণ করেন।
বন বিভাগ কর্তৃক জানানো হয়, হাতিটি দীর্ঘদিন যাবত রানের মধ্যে ক্ষত হয়ে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়াও পা ফুলে যাওয়াসহ দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ে। গতকয়েক সপ্তাহ আগেও চিকিৎসা করে যায় বন্য প্রাণী চিকিৎসক দল।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, বড় বয়স্ক হাতিটি বিগত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল।
এর আগে এপ্রিল মাসের শুরুতে চট্টগ্রাম ভেটেরিনারি থেকে একটি টিম অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেয়। এর পর থেকে উপজেলার ইআরটি টিমের সহযোগিতায় হাতিটিকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৩ বছর ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বন্য হাতিটিকে টানা কয়েকার চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু হাতিটিকে বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, মৃত হাতিটির পাশে সঙ্গীয় আরো হাতি দাঁড়িয়ে রয়েছে। সঙ্গী হাতিটি সরে গেলে মৃত হাতিটিকে পরবর্তী ময়নাতদন্তের মাধ্যমে চিকিৎসকদের কার্যক্রম শেষ করে দাফন করা হবে।
পাহাড়ে হাতির বসবাসকৃত অভয়ারণ্যগুলো ধংস হওয়ার ফলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি। মৃত্যুর মুখে পতিত হচ্ছে হাতিসহ নানা প্রজাতির প্রাণী। প্রকৃতি রক্ষায় পাহাড়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
