কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জেলা শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা হয়।
নিহত মো. শামীম (৩০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী নাসরিন বলেন, ‘আমাদের সকলের সামনে লিংকন এসে আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘নিহত শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়কে কেন্দ্র করে আজ সকালে ঘরের ভেতরে গিয়ে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে লিংকন পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ‘স্থানীয়রা শামীমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়।’
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে বলেও জানান ওসি মো. আবুল কালাম ভূঁইয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
