খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকরা অবস্থান নিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন,
“বিএনপি সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চায়। প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠন জোরপূর্বক দখলের নীতিতে বিশ্বাস করে না। যারা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। যদি বিএনপি বা সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকে, তবে তাদের দল থেকে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশ ও প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আশরাফুল ইসলাম নুর-এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ, এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কেইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, মুন্সী আবু তৈয়ব, মোতাহার রহমান বাবু, এহতেশামুল হক শাওন, মোল্লা হেদায়েত হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
