আদালতের নির্দেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। পূর্বে নিয়োগ দেওয়া প্রশাসকদের দায়িত্ব বাতিল করে তাদের স্বপদে ফিরিয়ে আনার আদেশ জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনা ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ এপ্রিল জেলা প্রশাসক লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন—
চিৎলা ইউনিয়ন পরিষদ: হাসানুজ্জামান সরোয়ার
খাদিমপুর ইউনিয়ন পরিষদ: মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার
ডাউকি ইউনিয়ন পরিষদ: তরিকুল ইসলাম
খাসকররা ইউনিয়ন পরিষদ: তাফসির আহম্মেদ মল্লিক লাল
জেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের আদেশ পাওয়ার পর পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
এর আগে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে ২০২৪ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং আইসিটি কর্মকর্তাকে যথাক্রমে ডাউকি, খাদিমপুর, চিৎলা ও খাসকররা ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।
পরে ওই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে ২০২৬ সালের ১২ মার্চ আদালত প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন এবং চেয়ারম্যানদের দায়িত্ব পালনের সুযোগ দেন।
পুনর্বহালের পর চেয়ারম্যানরা বলেন, আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তারা দায়িত্ব পালন করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন,
“আদালতের নির্দেশনা এবং বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চেয়ারম্যানদের পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
