বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং মানসিকভাবে বিব্রতকর আচরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অভিযোগ উঠেছে বিদ্যালয়টির শারীরিক শিক্ষা শিক্ষক সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে। নবম ও দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী দাবি করেছে, তিনি ক্লাসে অশোভন মন্তব্য করেন, ছাত্রীদের গায়ে হাত দেন এবং বিভিন্নভাবে বিব্রতকর আচরণ করেন।
শিক্ষার্থীরা বলেন:
নবম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা দাস জানান, শিক্ষক প্রায়ই ছাত্রীদের গায়ে হাত দেন, ওড়না ধরে টান দেন এবং চোখের দিকে তাকিয়ে “মনের ভাষা পড়ে দিতে পারি” ধরনের মন্তব্য করেন। কখনো কপালের টিপ সরিয়ে দেওয়া ও চোখ মারার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
আরেক শিক্ষার্থী টলি মজুমদার বলেন, শিক্ষক প্রায়ই বলেন—“আমার চোখের দিকে তাকাও, আমি তোমার মন পড়ে নিতে পারব”, যা তাদের অস্বস্তিতে ফেলে।
দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল পাটোয়ারী অভিযোগ করেন, পড়া পারুক বা না পারুক শিক্ষক শিক্ষার্থীদের অপমান করেন। একই সঙ্গে ছাত্রীদের কপালে টিপ দেওয়া ও গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটে আরেক শিক্ষার্থী নাজিফা খাতুন বলেন, কেউ প্রতিবাদ করলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে এমন অশালীন গল্প বলা হয়, যা কাউকে বলতে পারেন না বলেও জানান তিনি।
অভিভাবকদের অভিযোগ:
এক অভিভাবক ইলিয়াস শেখ বলেন, তার মেয়ে আগে ওই বিদ্যালয়ে পড়ত। শিক্ষকের আচরণে অস্বস্তি বোধ করায় তিনি মেয়েকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করান। তার দাবি, ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার কথা বলে বাইরে যাওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া স্কুলের সামনে দোকানে বসে ধূমপানের অভিযোগও তোলেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক সরদার মাহবুবুর রহমান ফোন রিসিভ করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাসও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
প্রশাসনের বক্তব্য:
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে কিছু আপত্তিকর বিষয় তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
