ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক পরিচয়ে কর্মকর্তার টেবিল ভাংচুর, অত:পর আটক

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে না পেয়ে জনি বিশ্বাস নামের এক ব্যক্তি
সরকারি কর্মকর্তার টেবিল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে আটক করে থানা হাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়।

জনি বিশ্বাস ফরিদপুর শহরতলীর বিলনালিয়া গ্রামের দিনমজুর কাদের বিশ্বাস এর ছেলে। সে ফরিদপুর শহরে ভাড়া বাসায় বসবাস করে।

বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ করেই জনি বিশ্বাস তার অফিস কক্ষে ঢুকে পড়ে। জনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলে আপনি দুর্নীতি করে অনেক টাকা কামিয়েছেন। আপনাকে নিয়ে লেখালেখি হচ্ছে। আমাকে ২০ হাজার টাকা দেন। তাহলে আমি আপনার বিরুদ্ধে লেখালেখি করব না। মেহেদী হাসান বলেন, আমার কাছে সরাসরি চাঁদা দাবি করায় আমি বিস্মিত হয়ে সে সাংবাদিক কি না তা তাকে চালেঞ্জ করলে সে উত্তেজিত হয়ে আমার অফিসের টেবিলে থাপ্পর দিয়ে টেবিলের কাঁচ ভেঙ্গে ফেলে। এ সময় সে উচ্চস্বরে চিল্লাপাল্লা করতে থাকে। শব্দ পেয়ে আমার অফিসের অন্যান্য কর্মীরা এসে তাকে আটক করে। পরে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে জনি বিশ্বাসকে আটক করে পুলিশ।

বিআরটিএ ফরিদপুর সার্কেল এর সহকারী পরিচালক পলাশ খীসা জানান, অফিসে ঢুকে ভাংচুর ও চাঁদাদাবির অভিযোগে জনি বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অফিসে ভাংচুরের খবর পেয়ে জনি বিশ্বাসকে হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

এদিকে আটকের সময় ধারণ করা এক ভিডিওতে ভাংচুরসহ অন্যান্য অভিযোগ অস্বীকার করতে শোনা যায় জনি বিশ্বাসকে। সংবাদের জন্য মোটরযান পরিদর্শক এর সাক্ষাৎকার গ্রহনের জন্য গিয়েছিলেন তিনি এমন দাবি তার।  
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯