ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় সাবেক যুবনেতার যথাযথ মূল্যায়ন চান বিএনপি কর্মীরা

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(২ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৭:২৩ অপরাহ্ন

banglahour

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বৃহত্তর মিরপুর, যা দীর্ঘদিন ধরে দলটির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকা থেকেই মহানগর উত্তর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতৃত্ব গড়ে উঠেছে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নানা চাপ, মামলা ও হামলার মধ্যেও মিরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি অটুট ছিল। এ ক্ষেত্রে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের ভূমিকা যেমন উল্লেখযোগ্য, তেমনি ত্যাগ ও সংগ্রামের দিক থেকে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আইয়ুব ১১ নম্বর ওয়ার্ডের ইউনিট পর্যায় থেকে রাজনীতি শুরু করেন। পরে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত প্রায় ১৭ বছরের রাজনৈতিক জীবনে তিনি অর্ধশতাধিক মামলার আসামি হন এবং একাধিকবার কারাবরণ করেন। ২০১৬ সালে প্রথমবার রমনা থানা পুলিশের হাতে গ্রেফতারের পর থেকে দীর্ঘ সময় জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হন। ২০২৪ সাল পর্যন্ত এই দুঃসময় পাড়ি দিয়েও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

জামিনে মুক্ত হওয়ার পর জুলাই-আগস্টের আন্দোলনেও তিনি ছাত্র-জনতার সঙ্গে যুক্ত হয়ে বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশ নেন। শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎকালীন সরকারের বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলেন তিনি।

তবে অভিযোগ উঠেছে, দল বর্তমানে ক্ষমতায় থাকলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুঃসময়ের নেতারা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ প্রসঙ্গে বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

মিরপুর এলাকার কয়েকজন বিএনপি কর্মী জানান, “যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরই এখন মূল্যায়নের সময়। দুঃসময়ের নেতাদের যথাযথ সম্মান ও দায়িত্ব দেওয়া উচিত।”

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে মোহাম্মদ আইয়ুব মিরপুরে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। তবে বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তার অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

দলীয় কর্মীরা মনে করছেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি এখন তৃণমূলের ত্যাগী নেতাদের দিকে থাকা উচিত। এ প্রেক্ষাপটে মোহাম্মদ আইয়ুবসহ দুঃসময়ের নেতারা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯