ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফমেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিতে হবে অনুমতি

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৩ মে ২০২৬, রবিবার, ৮:১৪ অপরাহ্ন

banglahour


ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে কর্তৃপক্ষের বাঁধার মুখে পড়েছেন দুই সাংবাদিক। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় ক্যামেরায় ভিডিও ধারণ ও ছবি তোলা যাবে না বলে সাফ জানিয়ে দেয় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তবে হাসপাতালটির পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনাপত্র বা নোটিশ দেখাতে পারেনি তাঁরা। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার (০৩ মে) দুপুর ২ টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ক্যাজুয়ালটি ও নিউরোসার্জারী ওয়ার্ডে সংবাদ সংগ্রহে গেলে আনসার সদস্য ও দায়িত্বরত এক চিকিৎসক তাঁদের বাঁধা দেন। ওই দুই সাংবাদিকের মধ্যে রয়েছেন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হাসান মাতুব্বর (শ্রাবণ) ও একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন।

বাঁধাপ্রাপ্ত সাংবাদিকরা জানান, ফরিদপুর সদর উপজেলায় একটি মারামারির ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যাক্তির সাথে সাক্ষাৎ করতে যান সাংবাদিকরা। এ সময় আহত ব্যক্তির ভিডিও ও ছবি ধারণ করতে ক্যামেরা বের করলে দৌড়ে এসে এক আনসার সদস্য বাঁধা দেন। এরপর তিনি এক চিকিৎসককে ডেকে আনেন। ওই চিকিৎসক এসে নিজেকে দায়িত্বরত রেজিস্টার হিসেবে পরিচয় দিয়ে তার নাম ডা. তোফাজ্জেল হোসেন বলে জানান। অনুমতি ছাড়া হাসপাতালে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা নিষেধ বলে জানিয়ে ওই চিকিৎসক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে বলেন।

আজকের পত্রিকার ওই প্রতিবেদক বলেন, ‘ওই চিকিৎসক এসেই প্রশ্ন ছুড়ে দেন আমাদের। তখন তিনি জানতে চান- আপনারা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন। অনুমতি নিয়ে আপনাদের ভিডিও করতে হবে, এছাড়া ভিডিও করা যাবে না। পরবর্তীতে পরিচালকের কার্যালয়ে গেলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এরপর উপ-পরিচালক ডা: মানব কৃষ্ণ কুন্ডুর কাছে গেলে তিনিও অনুমতি দিতে অপরাগতা প্রকাশ করেন। তখন তিনি বলেন, পরিচালক স্যার ছাড়া আমরা কিছু বলতে পারব না। এক পর্যায়ে বলেন- রোগীর সাথে কথা বলেন, ভিডিও করবেন না। এভাবে প্রায় ১০ মিনিট গড়িমসি করতে থাকেন। এছাড়া বলেন, আমরা যখন থাকব না, তখন এসে কাজ করেন।

এমন নিয়মের বিষয়ে জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবির কাছে জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কল রিসিভ করেননি তিনি।

সরকারি হাসপাতালে সাংবাদিকদের দায়িত্ব পালনে অনুমতির ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা রয়েছে কি-না- এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, আমার জানামতে এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে গবেষণার কাজে কোনো তথ্য-উপাত্ত নিতে হলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।’

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের নিয়মে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ফরিদপুরের সচেতন নাগরিক সমাজ, জেলায় কর্মরত সাংবাদিক ও ফরিদপুর প্রেসক্লাব।

নিন্দা জানিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন বলেন, ইচ্ছামতো নিয়ম করে সংবাকিদকদের কাজে বাঁধা দেয়া হচ্ছে। হাসপাতাল স্বাস্থ্য ও জনসেবামূলক প্রতিষ্ঠান, এটি রাষ্ট্রের গোপনীয় কোনো প্রতিষ্ঠান নয় যে- যেখানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনুমতি নিতে হবে। হাসপাতাল সংবাদের তথ্য উপাত্তের উৎসও বটে। প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে থাকে, বড় দুর্ঘটনাও ঘটে থাকে; তখন ক্ষতিগ্রস্থ বা হতাহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয় এবং পেশাদারিত্ব কারনে সে বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয় আমাদের। এভাবে অনুমতি নিয়ে কাজ করতে গেলে আমাদের পেশাগত কাজেও বিঘ্ন ঘটবে।’

ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন- 'সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। যেখানে অন্ধকার সেখানে আলো ফেলানো সাংবাদিকদের কাজ। একটি স্বাধীন দেশের হাসপাতালে সাংবাদিকেরা কাজ করতে পারবে না- এটা কালাকানুন। তবে আমার জানামতে, এ জাতীয় নিয়ম বাংলাদেশে নেই। এই আইন যারা করে থাকেন তাঁরা আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থাকে৷ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেটি করেছে সে বিষয়ে নিন্দা জানানোর ভাষা নেই।'

হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের নিয়মের নিন্দা জানিয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় বলেন- 'সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকা উচিত। এটা শুধু সাধারণ মানুষের কল্যান বয়ে আনে না, রাষ্ট্রেরও কল্যান বয়ে আনবে। আমরা মুখে স্বাধীনতার কথা বলি কিন্তু বাস্তবে হয় না। হাসপাতালে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করে থাকেন, এমন নিয়ম করা আসলেই নিন্দনীয়।'

হাসপাতাল কর্তৃপক্ষের এমন আইন অবিলম্বে প্রত্যাহার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘এমন আইন করা মানে মুক্ত সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের কন্ঠ রোধ করার কৌশল এটি। এ ধরনের আইন করে থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।'
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯