যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।
আজ বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মেধাবী শিক্ষার্থী লিমনের এমন মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারসহ স্বজনরা।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিজ বাসা থেকে নিখোঁজ হন লিমন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগ থেকে উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত মরদেহ।
এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
নির্মম এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর।
উচ্চ শিক্ষা নিতে গিয়ে আর কোনো শিক্ষার্থীর যেনো প্রাণ দিতে না হয় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সেই দাবি জানান নিহত লিমনের বাবা জহুরুল হক। লিমনের হত্যাকান্ড নিয়ে এফবিআই এর তদন্তে সন্তোষ প্রকাশ করেন তিনি।
লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের মাওনাতে বসবাস করেন।
লিমন, ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাসের পর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন।
২০২৪ সালের জুলাইয়ে ভুগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন তিনি।
স্বপ্ন ছিল অনেক দূর যাওয়ার। কিন্তু নির্মম হত্যাকান্ডে থেমে গেল সেই যাত্রা। লিমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
