খুলনা জেলা পুলিশের এক কনস্টেবল কক্সবাজার থেকে প্রায় দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে আসার পথে চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার বাকলিয়া এলাকায় বিশেষ অভিযানে আটক হয়েছেন।
মঙ্গলবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা-পুলিশের একটি বিশেষ দল কর্ণফুলী নদীর উত্তর পাড়ে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। কক্সবাজার থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির সময় আশিকুল ইসলামকে থামানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার নিয়মিত ডিউটি শেষে কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন আশিকুল ইসলাম। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া থানার মাধ্যমে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পারে খুলনা জেলা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আশিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাবর আলী মুন্সীর ছেলে। তিনি খুলনা জেলা পুলিশে কর্মরত থাকলেও মাদক পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
