কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১০ মে) ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে নেওয়া হলে আজ সকালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়াল ধসে আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি পরিবারের বরাতে নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ভাতিজা আরাবি একই এলাকার একটি বাসার আমগাছ থেকে বন্ধুর সঙ্গে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় এক বন্ধু দেওয়ালে ওঠার সময় পুরাতন নড়বড়ে দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে নিচে অপেক্ষমাণ আরাবির শরীরে দেওয়ালের অংশ পড়ে গেলে সে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ছবি : চাচা মনিরুজ্জামান মনিরের সাথে নিহত মাদ্রাসা শিক্ষার্থী আরাবি । সংগৃহীত ছবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
