ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সড়ক দখল করে ঘর নির্মাণ, ১৭ বছর ধরে চরম ভোগান্তিতে দুই পরিবার

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:৫২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংড়িয়া এলাকায় সড়ক দখল করে বসতঘর নির্মাণের অভিযোগে দীর্ঘ ১৭ বছর ধরে চরম দুর্ভোগে পড়েছে দুটি পরিবার। মাত্র এক ফুটেরও কম জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এলাকাবাসীর ভাষায়, ঘটনাটি যেন আইয়ামে জাহেলিয়াত যুগের অন্ধকার সময়ের পুনরাবৃত্তি।


ভুক্তভোগী শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী পরিতোষ শীল ও হরিদাস শীল প্রভাব খাটিয়ে পৌরসভার সড়কের জন্য নির্ধারিত প্রায় ০.৭২ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করেন। ফলে তাদের চলাচলের একমাত্র পথ প্রায় বন্ধ হয়ে যায়।


পরিবারগুলোর অভিযোগ, বর্তমানে তারা মাত্র এক ফুটেরও কম সরু পথ দিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির সময় পথটি কাদাপানিতে একাকার হয়ে যায়। এমনকি চলাচলে বাধা দিতে অনেক সময় সেখানে ভাঙা কাঁচ ও ব্লেড ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।


এ বিষয়ে প্রতিবাদ জানালে পরিতোষ ও হরিদাস শীল তাদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একের পর এক চারটি মামলা দায়ের করেন। তবে প্রতিটি মামলায় আদালত শৈলেন ও অনিলদের পক্ষে রায় দেন বলে দাবি ভুক্তভোগীদের।


এরপরও রাস্তা ছেড়ে না দেওয়ায় গত ২২ এপ্রিল কলাপাড়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অনিল চন্দ্র শীল। অভিযোগের পর পৌরসভার পক্ষ থেকে তদন্ত করে সড়কের জায়গা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয় এবং অভিযুক্ত পরিতোষ শীলকে ঘর সরিয়ে নিতে দুই দফা সময়ও দেওয়া হয়।
তবে এতে ক্ষুব্ধ হয়ে পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্তীসহ আরও তিনজনের বিরুদ্ধে দেওয়ানি আদালতে নতুন মামলা করেন পরিতোষ শীল।


এদিকে সব অভিযোগ অস্বীকার করে পরিতোষ শীল বলেন, “আমার ক্রয় করা জমির দেড় শতাংশ ঘাটতি রয়েছে। এ কারণেই মামলা করেছি। তাদের দলিলের চৌহদ্দিতে কোনো রাস্তা নেই। তারপরও তারা আমার জমির ওপর রাস্তা দাবি করছে।


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, “সড়ক দখলের বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ বিরোধ দ্রুত নিষ্পত্তি করে দুই পরিবারের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯