চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর আড়াইটায় শহরের পৌরপার্ক বড় ইন্দারা মোড় এলাকায় এ গণজমায়েতের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রুকন-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, নূরুল ইসলাম বুলবুল, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণজমায়েতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব।
বক্তারা কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে কুরআনের শিক্ষার বিকল্প নেই।
আয়োজকরা জানান, কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
