ঢাকা, ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমি নিয়ে বিরোধ; ছেলের হাতে বাবা ও ভাই খুন

সারাদেশ | জেলা প্রতিনিধি। দিনাজপুর।

(২ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৯ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাতটায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মণ্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।

এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছে। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে এবং পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহিদুল ইসলামের দুটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কর্তনের পর তিনি দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করছিল ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ বিষয় নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে সাকিব ও সাদিকুলের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা লোহার রড দিয়ে বাবা ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯