দিনাজপুরে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার মামলার মূল আসামী মোঃ মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেরশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করা হয়। পরে তাদের দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হলেও মূল আসামী মোঃ মুসা পালিয়ে যান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা মোছাঃ আয়শা সিদ্দিকাকেও আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানিয়েছেন, মোঃ মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাসুয়া, ছোরা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
