বরিশাল বিভাগজুড়ে গাড়ির শোরুম ও ড্রাইভিং স্কুল ঘিরে গড়ে উঠেছে বিআরটিএ লাইসেন্স বাণিজ্যের এক নতুন সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, গাড়ি কেনার সঙ্গে অতিরিক্ত টাকা দিলেই নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে গ্রাহকদের। এর আড়ালে সক্রিয় রয়েছে দালালচক্র ও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন জেলায় কয়েকটি গাড়ির শোরুমে “ঝামেলাহীন লাইসেন্স সার্ভিস” নামে বিশেষ প্যাকেজ অফার করা হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও পুরো প্রক্রিয়া পরিচালিত হয় গোপনে। সরাসরি কোনো কর্মকর্তা টাকা না নিয়ে শোরুম প্রতিনিধি, ড্রাইভিং স্কুল কিংবা নির্দিষ্ট দালালের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে কয়েক হাজার থেকে শুরু করে লাখ টাকার বিনিময়ে দ্রুত লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এমনকি পরীক্ষায় উপস্থিত না হয়েও লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ে সাধারণ মানুষকে দীর্ঘসূত্রতা, ফাইল জট ও নানা ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে দালালচক্র সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।
সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ প্রদান প্রক্রিয়ায় ঘুষ লেনদেন এবং অনিয়মের অভিযোগে দেশের ৩৫টি বিআরটিএ অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন কার্যালয়ে দালালদের সক্রিয় উপস্থিতি এবং অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষানবিশ লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, নবায়নসহ অধিকাংশ সেবাই এখন অনলাইনে আবেদন ও ফি পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা যায়। তবুও মাঠপর্যায়ে দালালচক্রের দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের দাবি, বরিশাল বিভাগে বিআরটিএ সেবাকে পুরোপুরি ডিজিটাল ও দালালমুক্ত করতে কঠোর নজরদারি, জবাবদিহি এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
