ময়মনসিংহে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ২৮ মামলার আসামি ফ্রিডম মানিক।
শুক্রবার (১৫ মে) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে নগরীর বাইপাস এলাকায় পিবিআই ময়মনসিংহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরীর ট্রাঙ্কপট্টি হেরা মার্কেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি করে একটি চক্র। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।
এরপর অভিযান চালিয়ে ফ্রিডম মানিক, মোস্তাফিজ ও সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
