সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই; গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়, যা ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়।
তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, দেশের নানা সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে। ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন উদ্ভাবন কিংবা পেঁয়াজ ও আলু সংরক্ষণে দেশীয় প্রযুক্তির ব্যবহার তার উদাহরণ। এসব উদ্ভাবন দেশের বাস্তব চাহিদা থেকেই এসেছে এবং গবেষণার সফল প্রয়োগ হিসেবে কাজ করছে।
মন্ত্রী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহস, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করে বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত থাকলে নতুন নতুন উদ্ভাবনী ধারণার বিকাশ ঘটবে।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
