ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাইকগাছায় বিভিন্ন অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পীর উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:২৭ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দারিদ্র্য বিমোচন ও দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থেকে বেঁচে থাকতে চান তিনি। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের রাজনীতি করে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়েই কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।


সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা চত্বরে জেলা পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া একজন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে সাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান। এসময় জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।


এর আগে সকালে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। কলেজের প্রতিষ্ঠাতার সহধর্মিণী ফাতেমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য জি এ সবুর।
বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছিল। বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, ছাত্রীদের বিনা বেতনে শিক্ষা এবং নকলমুক্ত পরীক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা এইচএসসি পর্যন্ত অবৈতনিক এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করেছেন বলেও উল্লেখ করেন তিনি।


এসময় তিনি ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ৪ তলা ভবন এবং আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ে ৩ তলা ভবন নির্মাণের ঘোষণা দেন।


পরে তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদসহ অন্যান্য চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকালে গড়ইখালী বাইনবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী বড় ঠাকুর পূজা উদযাপন কমিটির আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে। কেউ রাজনীতির নামে বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।


দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নান্নু, জেলা বিএনপি সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম