কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড়-বাহেরচর খালের বেদখল হওয়া অংশ উদ্ধার করে পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন খালটি বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই কৃষিজমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতি হতো। পানি নিষ্কাশনের অভাবে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের উদ্যোগে বেদখলে থাকা অংশ উদ্ধার করে মঙ্গলবার সকালে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মসূচির আওতায় লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় থেকে বাহেরচর ব্রহ্মপুত্র নদ পর্যন্ত খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির অধীনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল মতিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আবারও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন, “সরকারি কোনো খাল দখল করা যাবে না। কৃষকদের বাঁচাতে হবে। এসব খাল খননের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির পাশাপাশি কৃষিতেও সমৃদ্ধি আসবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
