ঢাকা, ২০ মে ২০২৬, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৭ ইটভাটা ও একটি সীসা কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৩ ঘন্টা আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৯:০০ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটা ও একটি সীসা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ২৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একইসঙ্গে একটি ইটভাটার কিলন (চুল্লি) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সীসা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ ঘোষণা করা হয়।


মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার মরাপাগলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ৭টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে টাইগার ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানার পাশাপাশি তাদের কিলন এস্কেভেটর দিয়ে ভেঙে পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এছাড়া নিউ স্টার-২ কে ১ লাখ টাকা এবং রোজ ব্রিকস, ডন ব্রিকস, আলো ব্রিকস, সেভেন স্টার ব্রিকস ও ফাইন ব্রিকসকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে ইটভাটাগুলো থেকে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


এদিকে সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকার মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল নামের একটি সীসা কারখানাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ জানান, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


ঢাকার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯