চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ নাকাইকান্দি টেকাপাড়া গ্রামে পৌঁছে মোছা. মরিয়ম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর নিহতের ভাই সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোছা. সুমাইয়া আক্তার স্মৃতি (২৮), মো. করবেল হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৫৫) ও স্ত্রী দীপিকা সাহা (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত মরিয়ম বেগমের সঙ্গে আসামি সুমাইয়া আক্তার স্মৃতির পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম, এক জোড়া কানের দুল এবং নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
