রাঙ্গামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিনের ভূমি মেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে সেবা গ্রহীতাদের মাঝে নামজারী, নিবন্ধন, পাওয়ার অফ এটর্নি সহ বিভিন্ন কাগজপত্র তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সরোয়ার, রেভিনিউ ডেপুটি কালেক্টর ফাহমিদা জেরিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈকত বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈযদ আবু হুরাইয়া আদর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট স্বপন কুমার রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা চেষ্টা করেছি এক ছাতার নিচে সকল সেবা দিতে। গত তিন দিনে আমরা অনেক জনকে সেবা দিয়েছি। মানুষ সেবা পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে রাঙ্গামাটির ভুমি সেবাকে আরো সহজতর করা হবে।
যে কোন সেবা প্রার্থী আগামীতে তার আইডির মাধ্যমে যে কোন জায়গা থেকে তার কী ভূমি আছে তা দেখতে পারবে।
মেলায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের প্রায় ২০টি স্টল স্থান পায়। রাঙ্গামাটির জনগন এই মেলাতে এসে তাদের খাজনা পরিশোধ এবং বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করে। এই মেলার কারণে এক ছাদের নিচে জনগন বিভিন্ন সেবা গ্রহণ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
