নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতি জাতীয় উন্নয়নে কৌশলগত অগ্রাধিকারের স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ সমুদ্রসীমায় রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্যপথ ব্যবহারের সুযোগ, যা দেশের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, “এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় কুয়াকাটার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, সমুদ্রসম্পদ সংরক্ষণ ও সমুদ্রসীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে যুক্ত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি। পাশাপাশি বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা নামের দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।
তিনি জানান, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রয়োজনে সর্বদা নিয়োজিত থেকে যেকোনো ত্যাগ স্বীকারে নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নৌপ্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নেন।
পরে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকশ নাবিক শাহরিয়ার টুটুলকে ‘নৌপ্রধান পদক’, দ্বিতীয় স্থান অর্জনকারী সামিউল ইসলাম শাকিলকে ‘কমখুল পদক’, তৃতীয় স্থান অর্জনকারী কাদের মিয়াকে ‘শের-ই-বাংলা পদক’ এবং সেরা চৌকশ মহিলা নাবিক মারিয়া আক্তারকে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ প্রদান করেন নৌপ্রধান। এসময় তাদের হাতে ক্রেস্টও তুলে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
