ঢাকা, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাউল বিতরণের নামে ইমাম মুয়াজ্জিনদের অপমান, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৪ অপরাহ্ন

banglahour


ইমাম মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত চাউল বিতরণ নিয়ে বোয়ালমারী পৌরসভার সচিব এর ষড়যন্ত্র ও প্রশাসন কর্তৃক ইমাম মুয়াজ্জিনদের হেয় প্রতিপন্ন ও অপমানজনক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ইমাম পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী উপজেলা সদরে ইমাম পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম হোসাইন আহমাদ ও ইমাম পরিষদের উপদেষ্টা আব্দুস সামাদ খান। সংবাদ সম্মেলনে উপজেলার পৌর এলাকার ৬৬ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বুধবার বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বোয়ালমারী পৌরসভার ফান্ড থেকে ইমামদের জন্য নগদ টাকা ও মুয়াজ্জিনদের জন্য চাউল বরাদ্দ দেওয়া হয়। ইয়াম পরিষদের পক্ষ থেকে দুপুরে ৬৭ জনের জন্য ৬৭ হাজার টাকার চেক গ্রহন করা হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার সচিব এর চাউল হস্তান্তর করেন। এ সময় ১২ বস্তায় ৬শ'৩০ কেজি চাউল ইমাম পরিষদের কয়েক সদস্যের উপস্থিততে হস্তান্তর করেন পৌরসভার সচিব মনিরুজ্জামান সিকদার।

বোয়ালমারী পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী জানান, পৌরসভা থেকে ১২ বস্তা চাউল গ্রহন করে ইমাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে রাখা হয়। স্থানীয় গণ্যমান্য এক ব্যাক্তির নামাজে জানাজায় অংশগ্রহণ ও সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতে বিতরণ সম্ভব হয়নি। ফলে বৃহস্পতিবার জোহর নামাজ শেষে সকল মুয়াজ্জিন একত্রিত হবে এবং ওই সময় তাদের মাঝে চাউল বিতরণ করা বলে পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়। মসজিদে খোলা বারান্দায় চাউল বস্তা রাখা অনিরাপদ, তাই ইমাম পরিষদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান এর মালিকানাধীন ভবনের নিচ তলায় ইমাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে চাউলের বস্তাগুলো রাখা হয়। 
তিনি জানান, চাউলগুলো সাথে সাথেই বিতরণ এর সুযোগ ছিল না। কারন প্রত্যেক মুয়াজ্জিনকে ১০ কেজি করে চাউল দেয়ার কথা। কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে ১২ বস্তায় ৬শ' ৩০ কেজি চাউল। চাউল এর বস্তা খুলে আলাদা আলাদা ব্যাগে ১০ কেজি করে দিতে হবে,  সে জন্য সময়ের প্রয়োজন রয়েছে। পৌরসভা থেকে স্লিপ ও মাস্টাররোল এর কাগজও দেয়া হয়েছিল। বলা হয়েছিল বিতরণ শেষে চাউলের বস্তা, স্লিপ ও মাস্টাররোলে গ্রহীতাদের স্বাক্ষরযুক্ত করে আগামী রোববার জমা দিতে।

এদিকে বুধবার চাউল হস্তান্তরের তিন ঘন্টা পর বিতরণের সুযোগ না দিয়েই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাউল জব্দ করে নিয়ে যায় উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন। পরে রাতে দু:খ প্রকাশ করে ইমামদেরকে আবার চাউল ফেরত নিতে অনুরোধ জানায় উপজেলা প্রশাসন। ইমামদের সম্মানহানীর পর ওই চাউল আবার নিতে আপত্তি জানায় ইমাম পরিষদ। এদিকে এ ঘটনাকে রঙ লাগিয়ে ইয়ামদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে মরিয়া হয়ে ওঠে একটি মহল। চাউল গ্রহনের ৩ ঘন্টার মধ্যে অভিযান চালানো একটি সাজানো নাটক ছিল বলে দাবি করেন তিনি।

ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম হোসাইন আহমাদ বলেন, সমাজে ইমামদের হেয় করতে পৌরসভার সচিব ও স্থানীয় প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করেছে। গত ঈদেও ওই সচিব ইমাম মুয়াজ্জিনদের চাউল বিতরণে গড়িমসি করে ইশারা ইঙ্গিতে সুবিধা নেয়ার চেষ্টা করেছিলেন। সুবিধা না দেয়ায় সে সময়ে তিনি হুমকিও দিয়েছিলেন আগামীতে আপনারা কিভাবে এই অনুদান পান সেটা দেখে নেবো। তিনি বলেন, আমরা ধারনা করি ইয়ামমাদের হেয় করে প্রতিশোধ নিতেই তিনি এ অপচেষ্টা চালিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করে সচিব ও এর সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনলে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এর সাথে কথা বললে তিনি জানান, ভিজিএফ এর চাউল থেকে ঈদ উপলক্ষে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সামান্য বরাদ্দ হয়েছিল। কিন্তু এটা বিতরণকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরী হয়েছে সেটি কারা বা কাদের জন্য হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯