ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী বিশ্ব দরবারে নেতৃত্ব দেবে নতুন প্রজন্মের খুদে বিজ্ঞানীরা: খুলনায় হুইপ বকুল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৩:৩০ অপরাহ্ন

banglahour

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬। খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থানীয় খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তি তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪টি স্টল স্থান পেয়েছে। তিন দিনব্যাপী এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


শুক্রবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম এবং খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, গবেষক, স্থানীয় সাংবাদিক ও বিজ্ঞানমনস্ক নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, “আজকের এই মঞ্চ শুধু একটি মেলার আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখার মঞ্চ। এখান থেকেই এমন এক প্রজন্ম তৈরি হবে, যারা বইয়ের জ্ঞানকে বাস্তব উদ্ভাবনে রূপ দেবে।”


তিনি বলেন, “তরুণদের শুধু চাকরি খুঁজলে চলবে না, নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের হাত ধরেই বিশ্ব দরবারে এগিয়ে যাবেন।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। আগামী ৫০ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনের প্রতিটি স্তম্ভ নিয়ন্ত্রণ করবে। কৃষি হবে প্রযুক্তিনির্ভর, চিকিৎসা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এবং তথ্যপ্রযুক্তিই হবে সবচেয়ে বড় শক্তি। যে জাতি বিজ্ঞানকে ধারণ করবে, তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে।”


নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে হুইপ বকুল বলেন, “তোমাদের হাতে শুধু মোবাইল ফোন নয়, ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্যও রয়েছে। প্রযুক্তিকে শুধু বিনোদনের জন্য নয়, মানবকল্যাণে ব্যবহার করতে হবে। এমন আবিষ্কার করতে হবে, যা মানুষের জীবন সহজ করবে, কৃষকের মুখে হাসি ফোটাবে এবং পরিবেশ রক্ষা করবে।”


অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের জন্য চাপ না দিয়ে তাদের প্রশ্ন করতে ও ভাবতে শেখান। কারণ কৌতূহল ও প্রশ্ন থেকেই নতুন বিজ্ঞানের জন্ম হয়।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম