কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী ও সন্তানসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৫মে) সন্ধ্যায় 'অষ্টগ্রাম ইটনা মিঠামইন সড়কে'র অষ্টগ্রাম উপজেলার ভাতশালা সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মো. সাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৭বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান।
নিহত মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটর সাইকেলে করে অষ্টগ্রাম থেকে মিঠামইন নিজ বাড়িতে ফিরছিলেন। অষ্টগ্রাম ইটনা মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনির সহ তিনজন মারা যান।
এই দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় গাড়িটি আটক করে এবং চালককে আটকে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে পুলিশ।
খবর পেয়ে, মিঠামইন থানা পুলিশ ও মিঠামইন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের বেপরোয়া গতি ও অসাবধানতা এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এই বিষয়ে অষ্টগ্রাম সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো: শহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
