ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের লম্বা ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি উপভোগ করতে এ সময় অনেকেই বেড়ানোর পরিকল্পনা করেন। পর্যটকদের সেই পরিকল্পনা স্বার্থক এবং আনন্দময় করতে সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছেন রাঙ্গামাটির পর্যটন ব্যবসায়ীরা। তাদের ধারণা, টানা ছুটিতে পর্যটকের আগমন বাড়বে। এতে করে তাদের ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ-শ্যামল পাহাড়, হ্রদের নীল জলরাশি প্রকৃতির এমন মোহনীয় রূপের টানে প্রতিবছর রাঙ্গামাটিতে ভিড় জমায় ভ্রমন পিপাসু পর্যটকরা। আর টানা ছুটিতে সেই চাপ বেড়ে যায় বহুগুণ। জেলার সবচেয়ে বেশি চাপ থাকে পর্যটন খ্যাত সাজেকে ভ্যালিতে।
আর লম্বা ছুটি পেলে ভ্রমণপিপাসুরা যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে হ্রদ আর সবুজ পাহাড়ে ছুটে আসেন পর্যটকরা। জেলার সাজেক ভ্যালি, সিম্বল আব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝরনা, রাঙাদ্বীপ, লেকভিউ আই ল্যান্ড, কাপ্তাই পট হাউসসহ মনোমুগ্ধকর সব পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে পর্যটদের উপস্থিতিতে।
রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটি পর্যটকদের বরণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, পর্যটকরা অনলাইন বা অফলাইনে আমাদের হলিডে কমপ্লেক্সে প্রায় ৭০-৮০ শতাংস রুম বুকিং করেছেন। এবার লম্বা ছুটিতে পর্যটকের ঢল বেশি নামবে বলে আমরা আশা করছি। আর পর্যটকদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দিতে আমরা অবকাঠামো ও সেবার মান উন্নত করেছি।
দেশের মানুষের ছুটিতে ভ্রমণের অন্যতম প্রধান লক্ষ্য থাকে পাহাড় আর মেঘের মিতালী সাজেক। আর সাজেকে পর্যটকদের বরণে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রিসোর্ট অ্যান্ড কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ঈদের আগে থেকেই সাজেকের রিসোর্ট, কটেজের বেশির ভাগ রুম বুকিং আছে। ঈদের দিন সব রুম বুকিং রয়েছে। ঈদের পরের দিন থেকে পরবর্তী প্রায় এক সপ্তাহ পর্যন্ত রুম ৬০ থেকে ৭০ শতাংশ বুকিং রয়েছে।
রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ঝুলন্ত সেতু। এরই মধ্যে সেতুকে আরও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সংস্কার ও রঙের কাজ সম্পন্ন করেছে। ইঞ্জিন চালিত নৌকায় যারা কাপ্তাই হ্রদে ভ্রমণ করবেন, তাদের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছেন ট্যুরিস্ট বোট ব্যবসায়ীরা।
রাঙ্গামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম বলেন, পর্যটক বরণে আমাদের সব প্রস্তুতি শেষ। বোটগুলো সংস্কার, রঙ করাসহ সব কাজ শেষ। আমরা এখন পর্যটকের জন্য অপেক্ষা করছি।
জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ রকিব উদ্দিন জানান, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হন, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে হেল্প ডেস্ক। পর্যটকরা যাতে নিরাপদে জেলার সকল স্পটে ঘুরে বেড়াতে পারেন তার জন্য আমাদের প্রস্তুতি আছে। এবারের ঈদের ছুটিতে পর্যটকরা নিরাপদে সকলস্থানে ভ্রমণ করতে পারবেন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
