ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত অষ্টগ্রামের আফাই আলী।
গত ২৫ ও ২৬ মে ইতালির ভেনিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতালির প্রভাবশালী রাজনৈতিক দল 'পার্তিতো ডেমোক্রেটিকো' (পিডি) পাটি মনোনীত প্রার্থী আফাই আলী, স্বদেশী প্রার্থী মতিউর রহমানকে বিশাল ভোটে হারিয়ে বিজয়ী হন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ইতালি প্রবাসি আব্বাস আলীর ছেলে আফাই আলী।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৮সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি জমান আব্বাস আলী। বহু চড়াউত্রাই ফেরিয়ে ইতালির নাগরিকত্ব পেয়ে, ২০০২ সালে স্ত্রী-সন্তানকে ইতালি নিয়ে যান তিনি।
২০০২ সালে আব্দুল্লাপুর গ্রামের ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যায়নকালে পরিবারের সাথে পাড়িদেন ইতালিতে। ভেনিসে নতুন করে শুরু করেন পড়াশোনা। লেখার সাথে সামাজিক সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চায় জড়িয়ে থাকা আফাই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যোগদেন ইতালির মুলধারার রাজনৈতিক দল 'পার্তিতো ডেমোক্রেটিকো' (পিডি) পাটিতে।
তরুণ এই বাঙালি তুর্কি'র রাজনৈতিক চিন্তা-চেতনা ও সামাজিক কাজের স্বীকৃতি দিতে, পিডি পাটি ২০২০সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে 'মেস্ত্রে কার্পেনেদো' এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়।
সেই নির্বাচনে ইতালির ইতিহাসে প্রথম কোন বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক আফাই আলী কাউন্সিলর নির্বাচিত হন। পাঁচ বছর মেয়াদি 'ভেনিস মিউনিসিপ্যাল'এ, অতিমারি করোনা'র কারণে ১বছর পিছিয়ে এবার ২৪ ও ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আফাই আলী ভেনিস সিটি করপোরেশন 'মেস্ত্রে কার্পেনেদো' এলাকায় তার সাথে বিভিন্ন দলের ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। আফাই আলীর বিজয়ে বাঙ্গালিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে তার জন্মভূমি অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুরে বইছে আনন্দের বন্যা।
বিপুল ভোটে টানা দ্বিতীয়বার নির্বাচিত করায় ভেনিস সিটি করপোরেশনের 'মেস্ত্রে ও কারপেনেদোর'ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত কাউন্সিলর আফাই আলী বলেন, "বাঙ্গালি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা এখন আমি সরাসরি মেয়র সমীপে উপস্থাপন ও বাস্তবায়নে কাজ করতে পারব। এতে, বাঙ্গালি কমিউনিটি উপকৃত হবে, ইনশাআল্লাহ।" উন্নত জীবনের আশায়, জীবন বাঁজি রেখে যারা ইতালিতে আসেন তাদের জন্য কষ্ট হয়। ধৈর্য্য ধরে ইতালিয় নিয়মকানুন মেনে আসা নিরাপদ ও ঝুঁকিমুক্ত।"
তিনি, আরও বলেন, "আমরা যারা ইতালিতে বসবাস করি তারা যদি ইতালিয়ান কৃষ্টি-সংস্কৃতি ও মূলধারার রাজনীতি চর্চা করি তাহলে আমরাই লাভবান হবো। কিন্তু ইতালিতে এসে বাংলাদেশী রাজনীতি চর্চা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিনিষ্ট করে। ফলে আমাদের তথা বাংলাদেশেরই সুনাম ক্ষুন্ন হয়।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
