প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি পাহাড়ী কন্যা পর্যটন শহর রাঙ্গামাটি এখন পর্যটকদের পদভারে মুখরিত। ঈদের টানা ছুটির কারনে ঈদের আগে থেকেই পাহাড়ে পর্যটকের আগমন বাড়তে শুরু করলেও বর্তমানে পর্যটকের আগমন আরো বেড়েছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে পাহাড়ের প্রতিটি পর্যটন স্পট।
পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যের টানে পর্যটকরা পরিবার পরিজন নিয়ে পাহাড়ের এপার থেকে ওপারে ঘুর বেড়াচ্ছেন পর্যটন শহর পাহাড়ী কন্যা রাঙ্গামাটিতে। ঈদের আগে থেকেই এখানকার হোটেল মোটেলসহ পাহাড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রের রিসোর্টগুলো ৭০-৮০ ভাগই বুকিং করেছেন পর্যটকরা। আর সাজেক ভ্যালীও এখন পর্যটকে ভরপুর। রাঙ্গামাটি শহরের ৫৬টি আবাসিক হোটেল, ১৭টি রিসোর্ট ও সাজেকে ১১৬টি হোটেল রিসোর্ট এবং রেস্তোরাঁ আছে ১৪টির বেশি। সবগুলোতেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় জমে উঠেছে ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণাসহ জেলার বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় পর্যটন খাতও।
শহুরে ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে ঈদের ছুটিতে পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটি। কয়েক মাসের স্থবিরতা কাটিয়ে এখন আবারও প্রাণ ফিরে পেয়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলো।
‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুতে সকাল থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন পাহাড় আর হ্রদের মেলবন্ধনের মনোরম দৃশ্য। প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটিয়ে স্বস্তির কথা জানালেন পর্যটকরা।
ঈদের ছুটিতে রাঙ্গামাটিতে চট্টগ্রাম থেকে পরিবার বেড়াতে আসা মোঃ জহিরুল ইসলাম জানান, প্রকৃতির অপার সৌন্দর্য দেখে আমরা অভিভূত। এখানে কাপ্তাই হ্রদ পাহাড়ের যে মিতালী সেটা অন্য কোথাও দেখা সম্ভব না। তিনি বলেন, পর্যটন শহরটি আরো আধুনিকায়ন করা গেলে এখানে সারাবছরই পর্যটকরা তাদের পরিবার নিয়ে ছুটে আসবে।
রাঙ্গামাটি হ্রদ পাহাড়ের মিতালী দেখে আগত পর্যটকরা খুবই খুশী। জেলায় বিভিন্ন পাহাড়ী এলাকায় সরকারী ও ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দয্যে ঘেরা রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পিতভাবে সরকারীভাবে আরো নতুন নতুন পর্যটন স্পট গড়ে তোলাসহ কার্যকর পদক্ষেপ নেয়া গেলে পর্যটন খাতে পার্বত্য চট্টগ্রাম থেকেই অনেক রাজস্ব আদায়ের পাশাপাশি এই অঞ্চল দেশী বিদেশী পর্যটকের জন্য অন্যতম পর্যটনের কেন্দ্র স্থল হতে পারে বলে মনে করেন রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা।
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা পর্যটনের কর্মচারী মোঃ ইউসুফ জানান, ঈদের আগে থেকে কিছু পর্যটক আসা শুরু করলেও বর্তমানে তা অনেক বেড়েছে। শুধুমাত্র ঝুলন্ত সেতু দেখতে দৈনিক ২-৩ হাজার মানুষ আসছেন বলে জানান তিনি।
রাঙ্গামাটিতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ। তাই সকাল থেকেই পর্যটকরা ট্যুরিস্ট বোট ভাড়া করে ঘুরে দেখছেন সুবলং ঝর্ণাসহ হ্রদের বিভিন্ন দর্শনীয় স্থান। হোটেল-মোটেল এবং রিসোর্টগুলোতেও বেড়েছে পর্যটকদের উপস্থিতি।
এবার ঈদ উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে স্থানীয় হোটেল মালিক সমিতি। রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ চৌধুরী জানান, রাঙ্গামাটিতে ঈদের আগে থেকেই ভালো পর্যটক আসা শুরু করেছে। বর্তমানে তা আরো বড়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে আমরা পুরো মাস জুড়েই পর্যটকদের বিশেষ প্যাকেজ সুবিধা দিচ্ছি। এছাড়া পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা হোটেল মালিক সমিতি বিশেষভাবে নজর দিচ্ছি।
বর্তমানে জেলার সাজেক ভ্যালি, সিম্বল আব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, মায়াবী দ্বীপ, আরণ্যক ও সুবলং ঝরনা, রাঙাদ্বীপ, লেকভিউ আই ল্যান্ড, কাপ্তাই পট হাউসসহ মনোমুগ্ধকর সব পর্যটন স্পটগুলো এখন মুখরিত হয়ে উঠেছে পর্যটদের উপস্থিতিতে। রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার পর্যটন স্পটসহ সাজেকের প্রায় ১১২টি রিসোর্ট-কটেজের মধ্যে প্রায় সবগুলো রিসোর্টই শতভাগ পর্যটক এসে অবস্থান করছেন।
রাঙ্গামাটি হ্রদ পাহাড়ের মিতালী দেখে আগত পর্যটকরা খুবই খুশী।
রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, এবার ঈদের ছুটিতে রাঙ্গামাটিতে আশানুরুপ পর্যটকের সমাগম ঘটেছে এবং তা দিন দিন আরো বাড়ছে। তিনি জানান, পর্যটকরা অনলাইন বা অফলাইনে আমাদের হলিডে কমপ্লেক্সের প্রায় ৭০-৮০ শতাংশ রুম বুকিং করেছেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে আগের তুলনায় প্রচুর পর্যটক এসেছেন । শুধু পর্যটন কমপ্লেক্স নয় রাঙ্গামাটির সব হোটেল মোটেলই এখন পর্যটকের আগমনে পরিপুর্ণ। কোথাও কোন রুম খালী নেই। পর্যটকের আগমন আরো বাড়বে বলে আশা করছেন তিনি। বর্তমানে পর্যটন কমপ্লেক্সে গড়ে ২-৩হাজার পর্যটক আসছেন বলে জানান তিনি। এবার পর্যটন ব্যবসায় আশানুরুপ সরকারী রাজস্ব আদায় হবে বলে আশা করছেন তিনি।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন এলাকার বোট ইজারাদার সমিতির সহ-সভাপতি মোঃ রজমান আলী বলেন, ঈদের আগে থেকেই রাঙ্গামাটিতে পর্যটকের আগমন বাড়তে থাকে। বর্তমানে পর্যটকে পরিপূর্ণ এখন রাঙ্গামাটি। তিনি জানান, পর্যটকের আগমন বৃদ্ধি পাওয়ায় তাদের বোটের ব্যবসা অনেক ভালো হচ্ছে এবং বোট সমিতির পক্ষ থেকে আগত পর্যটকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।
জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হন, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে হেল্প ডেস্ক। পর্যটকরা যাতে নিরাপদে জেলার সকল স্পটে ঘুরে বেড়াতে পারেন তার জন্য টুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
