বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পথে এগিয়ে যায় এবং বিশ্বদরবারে মর্যাদার আসন লাভ করে।
তিনি বলেন, জিয়াউর রহমানের বলিষ্ঠ কূটনৈতিক নেতৃত্বের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন।
খন্দকার মুক্তাদির বলেন, স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিমিতিবোধ, শৃঙ্খলা ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, শিগগিরই ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা এবং সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত নতুন বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এছাড়া সভায় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
