পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। টানা আটদিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুন) সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে গত ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
তবে ছুটিকালীন সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ইমিগ্রেশন চেকপোস্টসহ সংশ্লিষ্ট বিভাগগুলো খোলা রাখা হয়। ফলে যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, ছুটি শেষে বুধবার সকাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য সরবরাহ ব্যবস্থা আবারও গতিশীল হবে। এতে আমদানি-রফতানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডেও গতি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
