পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলা সদরের পাবলিক মাঠের পূর্ব পাশে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, বাউফল পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল মিছিলে অংশ নেয়। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ইবনে ফারুক সৌমিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ভিডিওটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “বাউফলের সেন্টার পয়েন্ট পাবলিক মাঠ থেকে বাউফল উপজেলা ছাত্রলীগের জয় বাংলা স্লোগানের জয়ধ্বনি। শুকরিয়া মহান আল্লাহর কাছে। একদিন আমরা ১০ জন থেকে ১০ হাজারে রূপান্তরিত হব, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
ভিডিওতে মিছিলকারীদের “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “মুক্তি চাই, ফিরোজ ভাইয়ের মুক্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলায় মিছিলটি হওয়ায় সাধারণ মানুষের নজরে বিষয়টি আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “খুব সকালে মিছিলটি করা হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারও নজরে আসেনি। বিকেলে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
