মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এ কে এম আনিসুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর একটি ফ্ল্যাট থেকে এ কে এম আনিসুর রহমানের মা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ও পরিবারের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের প্রতি অবহেলার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিবারের এমন ঘটনার কারণে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগের প্রেক্ষাপটে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে ওএসডি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করবেন না।
তবে এ বিষয়ে এ কে এম আনিসুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকায় বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সরকারের এই প্রশাসনিক সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।#

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
