বাগেরহাটের মোংলায় র্যাব সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) ইমামুল ইসলাম জানান, র্যাব সদস্য পরিচয়ে আবুল হাসান (৩৫) নামের এক ব্যক্তি মোংলা ইপিজেডে প্রবেশ করেন। পরে তিনি জিমলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চান। এ সময় তিনি র্যাব সদস্য পরিচয়সংবলিত একটি আইডি কার্ড প্রদর্শন করেন।
কার্ডটি দেখে সন্দেহ হলে জিমলাইট কারখানা কর্তৃপক্ষ বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-কে অবহিত করে। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র্যাবের কোনো সদস্য নন।
পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।
আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে প্রভাব খাটানো ও সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
