কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর রাত দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুর গ্রামের কিশোর ও যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়াম (১৭)-কে পঞ্চবটীর কয়েকজন যুবক মারধর করে আহত করে।
লিয়ামকে আহত করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন ভৈরব রেলওয়ে স্টেশনে জড়ো হয় এবং একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এসআই সাইফুল ইসলাম, আরএনবি সদস্য মুছা মিয়াসহ ৮ জন পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের আরও অন্তত ২২ জন আহত হয়েছেন।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সংঘর্ষ চলাকালে রেলওয়ে টিকিট কাউন্টারসহ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস এবং নরসিংদী কমিউটারসহ অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রাখা হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সংঘর্ষের সময় স্টেশনে অবস্থানরত শত শত যাত্রী আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, “আমরা কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ রাত ২টার দিকে জানান, “ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। যারা রাষ্ট্রীয় ও রেলওয়ের সম্পত্তির ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন চলাচলের মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তিনি বলেন, “রেলওয়ের যেসব স্থাপনায় ভাঙচুর হয়েছে, সেগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
