ঢাকা, ৬ জুন ২০২৬, শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা অপু গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু (৩৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের পঞ্চবটি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত অপু পঞ্চবটি গ্রামের মোমতাজ মোল্লার ছেলে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৈরব থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।


এর আগে একই দিন বিকেল ৫টার দিকে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপু দাবি করেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথনের ভিডিও ও অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে পপি বেগম নামের এক নারীর কাছে অপু ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ ওঠে। অডিওতে দাবিকৃত অর্থ এলাকার যুবক ও প্রশাসনকে দিতে হবে বলেও উল্লেখ রয়েছে। তবে অপু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কণ্ঠস্বর নকল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অডিও তৈরি করা হয়েছে।


অন্যদিকে পপি বেগম অভিযোগ করেন, মাদক ব্যবসার অভিযোগ তুলে অপু তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি জানান, তিনি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অপু ও তার সহযোগীরা তার বাড়িতে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।


কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজনিন খানম সাংবাদিকদের জানান, চাঁদাবাজির মামলায় জড়িত থাকার অভিযোগে অপুকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, “অপুকে আমরা গ্রেফতার করিনি। কিশোরগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। স্থানীয় এক নারী তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯