ঠাকুরগাঁওয়ে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে জেলা অফিস হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সিডের ডিলার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোফাখায়রুল ইসলাম। তিনি প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে উন্নত ও উচ্চফলনশীল বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন অর্জনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে লাভবান হতে পারবেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।
এ সময় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে ব্র্যাক সিড এর ধান বীজ বিতরণ করা হয়।
কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
