ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, এলাকায় চরম উত্তেজনা

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তির বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। 


​মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. সবুজ।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মঙ্গলবার  বিকালে হঠাৎ করেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয়ে সবুজের বাড়িতে চড়াও হয়। একপর্যায়ে তারা বাড়ির আসবাবপত্রসহ ঘরবাড়ি ব্যাপক ভাঙচুর করে।


​পীরগঞ্জ থানার ওসি  ইকবাল প্রামানিক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অভিযুক্ত সবুজের বিরুদ্ধে থানায় মাদক কারবারের একাধিক মামলা রয়েছে। সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।"
​এদিকে সবুজের পরিবারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক পারিবারিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, "সবুজ যদি অপরাধী হয়ে থাকে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সাধারণ মানুষ এসে ঘরবাড়ি ভাঙচুর করার কোন নিয়ম আছে কি? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"
​আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতাকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী  বলেন, "কেউ অপরাধী হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া স্পষ্ট অপরাধ। এতে সমাজে ও রাষ্ট্রে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 


​এদিকে স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে, সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যের জের ধরেই এই হামলার সূত্রপাত। গত ৪ জুন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা পীরগঞ্জের বৈরচুনায় মাদকবিরোধী এক সচেতনতামূলক সভায় বক্তব্য দেন।

সেখানে তিনি এক পর্যায়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, 'যারা মাদক কারবার থেকে ফিরে আসবে না, প্রয়োজনে তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।'
​এমপির এমন মন্তব্যের কয়েকদিনের মাথায় এই ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকায় নানা গুঞ্জন ডালপালা মেলছে। তবে এই বক্তব্যের সঙ্গে হামলার সরাসরি সংযোগ অস্বীকার করেছেন পীরগঞ্জ থানার ওসি ইকবাল প্রামানিক । তিনি বলেন, "এমপি স্যার জনসচেতনতামূলক অনুষ্ঠানের শুরুতে এ ধরনের বক্তব্য দেননি। আলোচনার একপর্যায়ে মাদকের ভয়াবহতা বোঝাতে তিনি আবেগতাড়িত হয়ে এ কথা বলেছিলেন।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯