বাংলাদেশ সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
সমাবেশে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থীভাবে ভারতীয় সীমান্তে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, “ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ তা রুখে দেবে। সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
এমপি বুলবুল আরও বলেন, সীমান্তে নিরীহ মানুষ হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মানবিক আচরণ বজায় রাখলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং পুশ-ইনের চেষ্টা করছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
