কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠার প্রায় ২৩ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানকে লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তিনি প্রকৃতপক্ষে নিখোঁজ ছিলেন না; বরং আত্মগোপনে ছিলেন।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে দাবি করে শুক্রবার দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে জেলা পুলিশের একাধিক টিম তার অবস্থান শনাক্তে অভিযান শুরু করে।
তদন্তে উঠে আসে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। একপর্যায়ে নারীটি অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় এবং ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান ১২ জুন বিয়ের আশ্বাস দেন। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি আত্মগোপনে চলে যান এবং নিখোঁজ হওয়ার ঘটনা সাজানোর চেষ্টা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় লাকসাম এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
এদিকে, ভুক্তভোগী নারী দাউদকান্দি থানায় জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির বাইরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
