ভারতের সীমান্তে কথিত পুশ-ইন কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট। শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আলহাজ্ব এম এ বাশার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান এবং মাওলানা শওকত আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘন ও জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা এসব কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আলহাজ্ব এম এ বাশার বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের সীমান্তে মানবাধিকার লঙ্ঘন কিংবা যেকোনো ধরনের জোরপূর্বক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।”
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।”
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সীমান্তে পুশ-ইন কার্যক্রম বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
