ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রীর সবুজ মিশনের অংশ হিসেবে হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৭:০৫ অপরাহ্ন

banglahour

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।


এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছা. মোস্তারী কাদেরী, সহকারী প্রকৌশলী অমিত চন্দ্র দে, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এর আগে একই দিন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা গাছের পরিচর্যা ও পর্যবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা কর্মসূচির অংশ হিসেবে আমরা আড়াই হাজার বৃক্ষরোপণের কাজ শুরু করেছি। এর আগে নিকলীর ছাতিরচরেও বৃক্ষরোপণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব জমিতে জেলার বিভিন্ন উপজেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং রোপিত গাছের সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।


পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণ করেন। একই সঙ্গে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীনসহ অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দা।


আয়োজকদের মতে, দীর্ঘমেয়াদি এ বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯