ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বকাপ উন্মাদনায় লংগদু উপজেলায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ১০:৩৯ অপরাহ্ন

banglahour

 

বিশ্বকাপ উন্মাদনাকে আরও বেশি বেগবান করতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় পর্দা উঠেছে ‘লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (১৩ জুন) বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুসংহত করবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
উদ্বোধনী খেলায় লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল দলের।

অনুষ্ঠানে ৩২ আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিবৃন্দ, লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করছে।
 

এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়কের হাতে একটি করে বৃক্ষের চারা তুলে দেন প্রধান অতিথি।
 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯