চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্তে রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম জুলফিকার (২২)।
তিনি দর্শনা পৌর এলাকার জয়নগরের কালো মৌলভীর ছেলে এবং রামনগরের একটি বিস্কুট কারখানার কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। তবে তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, জুলফিকার দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে থাকা নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন, ভারতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
