অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করছেন।
সোমবার (১৫ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ‘আলোর ভুবন’-এ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে হরিজন, কামার, রবিদাস, জেলে, বাদ্যকর ও হিজড়া সম্প্রদায়ের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-ঢাকা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মনিরুজ্জামান এবং রাজারহাট উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা খাতুন।
প্রশিক্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির।
জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পশুপালন, মাশরুম চাষ এবং কুটিরশিল্প বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সুগম করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
