প্রতিষ্ঠার ৫৪ বছর পর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে দুটি দ্বিতল বাস চালু করেছে ধামরাই সরকারি কলেজ।
বুধবার (১৭ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে বাস দুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
কলেজ সূত্রে জানা গেছে, বাস দুটির একটি জিরানী থেকে ধামরাই সরকারি কলেজ এবং অন্যটি কাওয়ালীপাড়া থেকে ধামরাই সরকারি কলেজ রুটে চলাচল করবে। উদ্বোধনের পর শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইফতেখার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. অতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. আসিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ সিকদার এবং সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এইচ এম রুস্তমসহ অন্যরা।
নতুন বাসসেবা চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী মো. শাহারিয়ার সানী বলেন, “ধামরাই কলেজের জন্য এই নতুন দুটি বাস কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আগে লোকাল বাসে যাতায়াত করতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হত। বাসের জন্য অনেক সময় কলেজে আসতে দেরি হত। এখন সেই সমস্য দুর হবে। বাস দুটি চালু হওয়ায় কলেজের শিক্ষার্থীদের মনে আনন্দের জোয়ার বয়ছে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “দীর্ঘ ৫৪বছর পর সরকারী উদ্যােগে ধামরাই সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য দুটি বাস চালু করা হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান বাড়াতে কলেজের ছাত্রবাসসহ সকল উন্নয়ন কাজ করা হবে।”
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের যাতায়াতের ভোগান্তি কমবে। পাশাপাশি নতুন এই বাসসেবা কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
